ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য ঢাকা ও নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল সোমবার (২ জুন) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিতরণ কোম্পানি তিতাস গ্যাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের জরুরি কাজের জন্য আগামী ২ জুন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকার আওতাধীন টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণী, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী এলাকার সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া এর আশেপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপ কম থাকতে পারে।

পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।