অসৌজন্যমূলক আচরণের অভিযোগে গাইবান্ধার জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলকে বদলির দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। গতকাল দুপুর ১২টা-১টা পর্যন্ত গাইবান্ধা সচেতন নাগরিক ও সুশীল সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তারা বলেন, ‘গাইবান্ধায় যোগদানের পর থেকে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল স্থানীয় সুশীল সমাজ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। প্রশাসনিক কাজে তার কক্ষে দেখা করতে গেলে দুর্ভোগ পোহাতে হয়। তার নিয়োগকৃত এপিএসের কাছে স্লিপের মাধ্যমে সাক্ষাতের কারণ উল্লেখ করতে হয়। স্লিপ পাঠিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও তার সঙ্গে সাক্ষাতের অনুমতি পাওয়া যায় না। সপ্তাহে একদিন গণশুনানি করা বাধ্যতামূলক হলেও তিনি যোগদানের পর থেকে নিয়মিত গণশুনানি হচ্ছে না।’










