জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, গণতন্ত্র একটি আস্থার জায়গা, যেখানে সরকার ও বিরোধী দল পরস্পরকে বিশ্বাস করবে। আজ রোববার (১২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্য মো. রেজাউল করিম বাদশা ও মো. মাহমুদুল হক রুবেলের শপথ গ্রহণ শেষে সংসদ ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে জানিয়েছেন, কোথাও কোনো সমস্যা হলে প্রশাসনের সহায়তা নিতে হবে বা প্রয়োজন হলে তাকে জানাতে হবে। আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না। মানুষের কল্যাণ নিশ্চিত করাই নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব। আর সংসদের ভেতরে ও বাইরে সে দায়িত্ব পালনের ওপরই গুরুত্ব দিতে হবে। একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ার লক্ষ্যেই সবাইকে কাজ করতে হবে।
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, সরকার এ খাতে ভর্তুকি হিসেবে আরো ৩৬ হাজার কোটি টাকা দিয়েছে। এ অর্থ মানুষের কল্যাণে ব্যয় হবে। তিনি দাবি করেন, অতীতে বিপুল পরিমাণ অর্থ দেশ থেকে পাচার হয়েছে। বর্তমান সরকার সেই অর্থ দেশের মানুষের কাজে লাগাতে চায়।
চিফ হুইপ আরো বলেন, সংসদ অধিবেশন চলাকালে শেরপুরে নির্বাচনের সময় এক বিরোধী সদস্য ভুল তথ্য দেন যে একজন কর্মী নিহত হয়েছেন। পরে জানা যায়, ওই ব্যক্তি জীবিত। এ ধরনের ভুল তথ্যের বিষয়ে সংসদে বক্তব্য বাদ দেয়ার প্রস্তাব আনা হবে। তিনি বলেন, যাচাই ছাড়া তথ্য দেয়ার প্রবণতা ঠিক নয়। এক্ষেত্রে আরো দায়িত্বশীল আচরণ প্রয়োজন।
দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ঐতিহাসিক ঘটনাগুলোকে একত্র করে জুলাই জাদুঘর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে জানিয়ে চিফ হুইপ বলেন, এতে সংশ্লিষ্টদের সম্পৃক্ততা থাকলে কাজের গতি বাড়বে। তিনি জানান, এটি শুধু একটি জাদুঘর নয়, বরং একটি জীবন্ত ইতিহাস হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।










