সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। দেশের বিভিন্ন জেলায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। নয়টি অঞ্চলে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাসও দেয়া হয়েছে। খবর বিবিসি বাংলা।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবেই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে।

আজ বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বিবিসি বাংলাকে জানিয়েছেন, সুন্দরবন থেকে ৩৫০ কিলোমিটার দূরে থাকা এ নিম্নচাপের কারণে আগামী ৪৮ ঘণ্টা সারা দেশের সব বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

এছাড়া এই নিম্নচাপটি আরো শক্তিমাত্রা অর্জন করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

কিন্তু এখন পর্যন্ত এটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবুল কালাম মল্লিক।

তিনি জানান, এ নিম্নচাপটি আজ সারা দিনে আরো একটু শক্তিমাত্রা অর্জন করবে। এরপর এটির গভীর নিম্নচাপে রূপ নেয়ার সম্ভাবনা আছে।

এ আবহাওয়াবিদ আরো জানান, আমরা এখন পর্যন্ত নিশ্চিত যে এটির ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার কোনো সম্ভাবনা নেই। এটি এখন ক্রমশ বৃষ্টিপাত ঝরাচ্ছে এবং বৃষ্টিপাত ঝরিয়ে এটি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে।

তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটি হতো এ মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় এবং নাম হতো ‘শক্তি’।