ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়া তিন কারাবন্দীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। রোববার (৬ আগস্ট) সকালের কারাগারে দুই জন কারাবন্দী অসুস্থ হয়ে পড়ে। পরে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন আবুল বাশার (৫৪) এবং আব্দুল কাইয়ুম (৬২)।
কারারক্ষী হেমায়েত হোসেন জানান, সকালে কারাগারের পৃথক দুটি স্থানে আবুল বাশার ও আব্দুল কাইয়ুম হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
তিনি আরো জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ দুইটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে এবং ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে, ২৮ আগস্ট মোহাম্মদ শাহাদত হোসেন লিটন (৪৮) নামের এক কয়েদী কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসকের পরামর্শে তাকে মেডিসিন ওয়ার্ডের ৫০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ সকাল দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আমিনুল ইসলাম জানান, লিটন অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগে ভর্তি দেন। চিকিৎসাধীন অবস্থায় তার আজ সকালে মৃত্যু হয়।
তিনি আরো জানান, নিহত লিটন কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার বাবা নাম মৃত আব্দুল কাদের গ্রামের বাড়ি খুলনার দৌলতপুর থানার পাবলা গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, লিটনে মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।










