সাগরে সৃষ্ট নিম্নচাপ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে পশুর নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। এতে সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণী প্রজননকেন্দ্র করমজলসহ বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে।

হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সুন্দরবনের করমজলে ঘুরতে যাওয়া দর্শনার্থীরা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের পর অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে যায় প্রজনন কেন্দ্র এবং পর্যটনকেন্দ্র করমজল।

গত তিন দিনের বৃষ্টিপাতের কারণে জেলার বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে কিছু এলাকায় জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে। দুপুরের জোয়ারে বাগেরহাট পৌরসভার মুনিগঞ্জ আনসার ক্যাম্প এলাকার সড়কসহ কয়েক সড়ক প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

সুন্দরবন করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো.আজাদ কবির বলেন, জোয়ারের পানিতে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের রাস্তার উপর দেড় ফুট পানিসহ বিভিন্ন স্থান প্লাবিত হয়েছে। তবে প্রজনন কেন্দ্রর শেডে থাকা হরিণ, কুমির ও বিলুপ্তপ্রায় প্রজাতির বাটাগুর বাচ্চা কচ্ছপগুলো নিরাপদ রয়েছে। পানি আরো বেশি বৃদ্ধি পেলে প্রাণীগুলোর ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

শুধু করমজল নয়, সুন্দরবনের আরো কিছু এলাকা প্লাবিত হয়েছে বলে জানান এ কর্মকর্তা।