প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপানের অন্যতম বৃহৎ বাণিজ্য ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোম্পানির একটি প্রতিনিধিদল। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে খাদ্য, কৃষি, জ্বালানি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সরকার প্রতিনিধিদলকে জানায়, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশী বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত।

এছাড়া বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা ও অনুমোদন প্রক্রিয়া আরো সহজ করতে সরকারের বিভিন্ন সংস্থার সেবা একক সেবার আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানানো হয়। এর ফলে বিনিয়োগ কার্যক্রম আরো দ্রুত ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে উল্লেখ করা হয়েছে।

মিতসুই বৈশ্বিক পর্যায়ে পরিবহন ও সরবরাহ ব্যবস্থা, অবকাঠামো, ধাতু, জ্বালানি এবং খাদ্য বাণিজ্যসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে।

এ সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

জাপানি প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন মিতসুইয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী সহসভাপতি মাকাতো সাতো, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ব্যবসা ইউনিটের প্রধান কৌশল কর্মকর্তা তাকানোবু মুরায়ামা, মিতসুই বাংলাদেশের চেয়ারম্যান কেনইচিরো কাওয়ামোতো এবং ঢাকা শাখার উপমহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান।