গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সরকারের রহস্যজনক নীরবতার জবাব দিতে হবে।

তিনি বলেন, অভ্যুত্থানের ওপর দাঁড়িয়ে সবার সমর্থন নিয়ে এ সরকার ক্ষমতায় বসেছে। যদি সরকার ভাবে, পুরো সরকারব্যবস্থা কোনো একটি পক্ষের দ্বারা পরিচালিত হবে সেটা অভ্যুত্থানের সব শক্তির অনুমোদন হবে না। আপনারা বৈধতা হারাবেন। কাজেই আপনাদের এ রহস্যজনক নীরবতার জবাব আমাদের দিতে হবে।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শিরোনামে যৌথ প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-নোয়াব ও সম্পাদক পরিষদ এ সভার আয়োজন করে।

তিনি বলেন, দেশে ন্যূনতম ঐক্যমতের একটি জায়গা যদি না থাকে, প্রতিটি দল এমনকি যারা মনে করছেন ফায়দা নেবেন, তারাও পর্যন্ত বিপর্যস্ত হবেন।

তিনি আরো বলেন, গণতান্ত্রিক উত্তরণের জন্য এ মুহুর্তে প্রয়োজন জাতীয় স্বার্থ। আমাদের ঐক্য তৈরি হলে কতিপয় দুইশ-পাঁচশ লোক এসে, হেলমেট পরে তাণ্ডব ঘটাতে পারবে না। এসবের মূলে রাজনৈতিক দলের অনৈক্য প্রধান কারণ।

জোনায়েদ সাকি বলেন, আমরা এ ধরনের ঘটনায় পরিপূর্ণ একশান চাই। ওসমান হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে, জুলাই গণহত্যার বিচার করতে হবে। একইভাবে এসব আক্রমণ, হামলা ও ভাঙচুরের বিচার যদি সরকার করতে না পারে, তাইলে সরকারের ব্যর্থতা আমাদের রায় হবে।