সীমান্ত থেকে হত্যা মামলার আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ ফকিরমোড়া বিওপির টহলদল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় নববিবাহিত স্ত্রীকে গলা কেটে হত্যা মামলার প্রধান আসামি প্রবাসী স্বামীকে আটক করেছে।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত ব্যক্তি আখাউড়া উপজেলার মধ্যহীরাপুর গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মো. আবদুল হামিদ (২৮)। গত কয়েকদিন আগে সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেবপুর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে মোসা. তাসলিমাকে (১৯) বিয়ে করে। গতকাল সে নিজ ঘরের মধ্যে স্ত্রীকে গলা কেটে হত্যার পর আত্মগোপনে থাকে। এ ব্যাপারে আখাউড়া থানায় মামলা হওয়ার পর পুলিশ এবং র‌্যাব আত্মগোপনে থাকা আসামিকে গ্রেফতারের জন্য রাতভর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

আজ সকাল ১০ টায় আসামি সীমান্ত পিলার ২০২২/৫-এস এর নিকট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সীমান্ত এলাকায় তার সন্দেহজনক গতিবিধি ও আচরণ দেখে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ ফকিরমোড়া বিওপির টহলদল তাকে আটক করে। আটকের পর স্থানীয় জনসাধারণের সম্মুখে জিজ্ঞাসাবাদে বিজিবি টহলদলের কাছে তার পরিচয় এবং নিজ স্ত্রীকে হত্যার বিষয়টি সে স্বীকার করে। আটককৃত ব্যক্তিকে আখাউড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।