মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথম ওয়ানডে ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার ছুড়ে দেয়া ২১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯৫ রানে অলআউট বাংলাদেশ। গতকাল একই মাঠে দ্বিতীয় ওয়ানডেতেও অসহায় আত্মসমর্পণ করল নিগার সুলতানার দল। ৪৪.১ ওভার ব্যাট করে ৯৭ রানে শেষ স্বাগতিকরা! ছোট্ট টার্গেট তাড়া করতে নেমে ৪ উইকেট হারালেও শেষ পর্যন্ত সহজ জয়ই পেয়েছে অজিরা। ২৩.৫ ওভারে তারা লক্ষ্যে পৌঁছে যায়। ৬ উইকেটের এ জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজও নিশ্চিত করা অ্যালিসা হিলির দল। 

বুধবার একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। ওয়ানডে সিরিজ শেষে মিরপুরে তিন ম্যাচের টি২০ সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। 

অল্প পুঁজি নিয়েও ৩৯ রানের মধ্যে ফোবে লিচফিল্ড, হিলি ও বেথ মুনিকে আউট করে কিছু সময়ের জন্য ম্যাচ জমিয়ে দেয় বাংলাদেশ। লিচফিল্ড রানআউট হয়েছেন। এরপর রাবেয়া খানের ঘূর্ণির শিকার হন অধিনায়ক হিলি এবং বেথ মুনিকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন সুলতানা খাতুন। 

তালিয়া ম্যাকগ্রাকে নিয়ে ২১ রান যোগ করেন অ্যালিস পেরি। দলের ৬০ রানের সময় রানআউট হয়ে যান ম্যাকগ্রা (৬০/৪)। নিগাররা তখনো হাল ছাড়েননি। যদিও এরপর পেরি ও অ্যাশলে গার্ডনার আর কোনো সুযোগই দিলেন না স্বাগতিকদের। ৩৫ বলে ৩৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে তারা অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন। 

এর আগে অস্ট্রেলিয়ার স্পিনে ঘায়েল বাংলাদেশের নারীরা। সোফি মলিনেক্স তিনটি এবং অ্যাশলে গার্ডনার, অ্যালানা কিং ও জর্জিয়া ওয়ারহ্যাম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন সহঅধিনায়ক নাহিদা আক্তার। দুই অংক ছুঁয়েছেন মাত্র তিনজন। ১০ রানে ৩ উইকেট শিকার করা মলিনেক্স হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়।