গাইবান্ধা কারাগারে এক হাজতির ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান কারারক্ষীসহ দুজনকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে রংপুর বিভাগীয় কারা উপমহাপরিদর্শক মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ অফিস আদেশ দেন।
বদলীকৃতরা হলেন প্রধান কারারক্ষী মো. আশরাফুল ইসলাম ও কারারক্ষী সাবানা বেগম। আশরাফুল ইসলামকে দিনাজপুর জেলা কারাগারে ও সাবানা বেগমকে ঠাকুরগাঁও কারাগারে বদলি করা হয়েছে। বদলীকৃত কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে ১৬ এপ্রিল কারাগারে নির্যাতনের অভিযোগ তুলে আইনি ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন হাজতি মোর্শেদা খাতুন সীমার মা করিমন নেছা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান কারারক্ষী আশরাফুল ইসলাম জানান, মোর্শেদা খাতুন সীমা একজন উগ্রপন্থী কয়েদি। বিভিন্ন সময় সে কয়েদিদের নির্যাতন করে কারাগারে প্রভাব বিস্তার করেছে। প্রতিবাদ করায় এর আগেও সে অন্যান্য কয়েদি ও কারারক্ষীকে মারপিট পর্যন্ত করেছে। এসব ঘটনায় এর আগেও তাকে দুবার অন্য কারাগারে বদলি করা হয়েছিল।










