বরিশাল বিভাগে কয়েক দিন ধরে নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আক্রান্ত ও মৃত্যুর হার অনেকটাই কম। গত চারদিনে এ বিভাগে নতুন করে ১০০ জনও শনাক্ত হয়নি। ফলে শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে করোনার উপসর্গ ও আক্রান্ত নিয়ে রোগী ভর্তির সংখ্যা কমেছে।

শেবাচিম হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, এ হাসপাতালে গতকাল সকাল ৯টার আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মাত্র দুজনের মৃত্যু হয়েছে। শেবাচিম হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটের অবজারবেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে নতুন সাতজনসহ ৩৪ এবং করোনা ওয়ার্ডে নতুন তিনজনসহ ৪৩ জন রোগী চিকিৎসাধীন। এ হিসাব অনুযায়ী বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ২২৩টি শয্যা খালি রয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ফাঁকা ছিল ২২৪টি শয্যা।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে ৪ হাজার ৮০৮ জন উপসর্গ নিয়ে এবং করোনায় আক্রান্ত ২ হাজার ২৮৩ জনসহ মোট ৭ হাজার ৯১ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে ৯৪৮ জন এবং করোনায় আক্রান্ত হয়ে ৪১০ জনসহ মোট ১ হাজার ৩৫৮ জন রোগী মৃত্যুবরণ করেছে। তবে কয়েক মাসের তুলনায় বর্তমানে রোগী মৃত্যু ও ভর্তির সংখ্যা অনেকটাই কম।

গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের পিসিআর ল্যাবে ১২৬ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ দশমিক ৩১ শতাংশ। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে শেবাচিম হাসপাতালে কেউ মারা না গেলেও বিভাগের অন্যান্য হাসপাতালে করোনায় দুজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন আক্রান্ত হয়েছে ৬৫ জন এবং সুস্থ হয়েছে ৩১৫ জন।