ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে আবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (২০ মে) বিকাল সাড়ে তিনটার পর ছাত্রদলের নেতা-কর্মীরা শাহবাগ মোড় অবরোধ করেন। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শাহবাগ মোড়ে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী অবস্থান করছেন। তারা ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ প্রভৃতি বলে স্লোগান দিচ্ছেন।

প্রসঙ্গত, রোববারের কর্মসূচি থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছিলেন ছাত্রদলের শীর্ষ নেতারা। শাহরিয়ার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারে সরকারের সদিচ্ছার অভাব দেখা গেলে যমুনা ঘেরাওয়ের হুমকিও দিয়েছিলেন তারা।

নিহত শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।