বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য গুম ও গুমের পর নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় র্যাবের সাবেক দুই কর্মকর্তাকে আগামী ২ ডিসেম্বর হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর)প্রসিকিউশনের এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এ তথ্য নিশ্চিত করেন।
যাদের হাজির করতে বলা হয়েছে তারা হলেন, সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, `ট্রাইব্যুনালে রিপোর্ট দাখিলের প্রেক্ষিতে আজ দুটি দরখাস্তের মাধ্যমে ট্রাইব্যুনালের নজরে আনা হয়েছে। ট্রাইব্যুনাল আবেদন দুটি মঞ্জুর করেছেন। আগামী ২ ডিসেম্বর অভিযুক্ত দুই সাবেক র্যাব কর্মকর্তাকে ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য আদেশ দেওয়া হয়েছে।'










