বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ইউনিসেফ বাংলাদেশের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ মঙ্গলবার সংসদ ভবনস্থ কার্যালয়ে ইউনিসেফ বাংলাদেশের সোশ্যাল পলিসি চিফ স্ট্যানলি গুয়াভুইয়ার নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে শিশু অধিকার, শিশুবান্ধব নীতি প্রণয়ন, বাজেট বরাদ্দ বৃদ্ধি, সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।
ডেপুটি স্পিকার বলেন, সবার সন্তান থাকলেও তাদের সুরক্ষার বিষয়ে অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত সচেতনতা দেখা যায় না। সংসদীয় ককাস গঠনের আগ থেকেই শিশুবান্ধব বাজেট ও নীতি প্রণয়নে ইউনিসেফ যে কাজ করে আসছে, তা প্রশংসার দাবি রাখে।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, যেসব সংসদ সদস্য শিশুবান্ধব নীতি প্রণয়নের বিষয়ে সংসদে বক্তব্য রাখবেন, তাদের নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হলে এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা সম্ভব হবে।
ইউনিসেফের প্রতিনিধিরা বলেন, সংসদ সদস্যদের সঙ্গে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বাজেট-পূর্ব মতবিনিময় ও গোলটেবিল আলোচনা প্রয়োজন। এর মাধ্যমে শিশুরা সরাসরি নীতিনির্ধারকদের সঙ্গে মতামত বিনিময়ের সুযোগ পায়। তারা আরো বলেন, শুধু বাজেটে বরাদ্দ বাড়ালেই হবে না, সেই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতাও জরুরি।
এ সময় ইউনিসেফ প্রতিনিধিদলের সদস্য সামাজিক নীতি ও অর্থনীতি বিশেষজ্ঞ মো. আশিক ইকবাল, যোগাযোগ বিশেষজ্ঞ ফারিয়া সেলিম, যোগাযোগ কর্মকর্তা কারিশমা আহমেদ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









