থার্টিফার্স্ট নাইটে রাজশাহীতে ডিজে পার্টির ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। একইসঙ্গে অনুমোদিত বার ও মদের দোকান বন্ধ রাখতে বলেছে রাজশাহী নগর পুলিশ (আরএমপি)। আগামীকাল শুক্রবার (৩০ ডিসেম্বর) থেকে ১ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত বন্ধের এ নির্দেশ দেয়া হয়েছে।

মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর অর্পিত ক্ষমতাবলে গত ২৭ ডিসেম্বর এই আদেশ জারি করেছেন নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

আরএমপি বলছে, নগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃংখলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

৩১ ডিসেম্বর রাস্তায় সর্ব সাধারণের ব্যবহার্য স্থানে গান-বাজনা, বাদ্যযন্ত্র, হর্ন বাজানো, লাউড স্পিকার ব্যবহার এবং শোভাযাত্রা বা র‌্যালিতে মুখে কোনো প্রকারের মুখোশ ব্যবহার ও বিরক্তির উদ্রেককারী বাঁশি যেমন-ভুভুজেলা, আতশবাজি, পটকা ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত নগর এলাকায় সকল প্রকার বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রকাশ্যে প্রদর্শন রহিত করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে আরএমপি।