বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের বক্ষব্যাধি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. জীবেশ কুমার প্রামাণিকের করোনায় মৃত্যুর ছয় মাস পর বদলির আদেশ দেয়া হয়েছে। এ আদেশে ডা. জীবেশ কুমারকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে যোগদান করার কথা বলা হয়।

গত ৫ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মৃত ওই চিকিৎসককে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে বদলি করা হয়।

ডা. জীবেশ কুমার প্রামাণিক নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ জানুয়ারি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ডা. জীবেশ কুমার প্রামাণিকের স্ত্রীর ভাই নিতাই পদ প্রামাণিক। তবে বদলি করার বিষয়টি তিনি জানেন না। তিনি এ বিষয়ে বলেন, অফিশিয়াল বিষয়গুলো তার জানা নেই।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তারা ৫ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের উপসচিব স্বাক্ষরিত পত্র প্রাপ্তির কথা স্বীকার করেছেন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল জানান, তার বদলির আদেশটি ভুলক্রমে হয়েছে। এটি মন্ত্রণালয় থেকে করা হয়েছে। গত জানুয়ারিতে বক্ষব্যাধি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. জীবেশ কুমার প্রামাণিকের করোনায় মৃত্যু হয়।