কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় বগুড়ায় তিনদিনে দুই শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে হাইওয়ে পুলিশ। মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে নজরদারি চালানো হচ্ছে। পুলিশের পাশাপাশি জেলা প্রশাসন, সেনাসদস্য, বিজিবি ও র্যাব সড়কে মোতায়ন করা হয়েছে।
সরেজমিন ঘুরে জেলা শহরের মধ্যে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যদের বিভিন্ন মোড়ে টহল দিতে দেখা যায়। এ সময় বিনা প্রয়োজনে চলাচলকারীদের থামিয়ে ঘরে ফেরার অনুরোধ জানান পুলিশ সদস্যরা। একই সঙ্গে মোটরসাইকেল, রিকশা, ইজিবাইক, প্রাইভেটকার চালকদেরও প্রয়োজন না থাকলে বের হতে নিষেধ করে স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও বলা হয়।
বগুড়া হাইওয়ে পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন জানান, স্বাস্থ্যবিধি ভঙ্গ করে নানা অজুহাত দেখিয়ে কিছু যানবাহন ও মানুষ বাইরে আসছে। করোনাকালে ঘোষিত কঠোর লকডাউনের বিধি ভঙ্গ করছে। বিধিভঙ্গকারী যানবাহন চালকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।










