প্রথমবারের মতো এশিয়ান চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। গতকাল দুবাইয়ে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে ভর করে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা উৎসব করে বাংলাদেশের যুবারা। তাদের ছুড়ে দেয়া ২৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্বাগতিক দলটি মাত্র ৮৭ রানে গুটিয়ে যায়। 

ক্রিকেটে টানা দুদিন উৎসবের উপলক্ষ পেল বাংলাদেশ। শনিবার রাতে ইস্ট লন্ডনে প্রথম ওয়ানডে ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশের নারীরা। পরদিন গতকাল দুবাইয়ে বিজয় নিশান ওড়ালেন যুবারা। 

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮২ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। ডানহাতি ব্যাটার শিবলির অনবদ্য ব্যাটিংয়ে ১৪৯ বলে ১২৯ রান করেন ১২টি চার ও ১টি ছক্কায়। ওপেনিংয়ে নেমে ইনিংসের এক বল বাকি থাকতে তিনি আউট হন। এছাড়া চৌধুরী মো. রিজওয়ান ৭১ বলে ৬০ ও ভারতের বিপক্ষে সেমিফাইনালের নায়ক আরিফুল ইসলাম ৪০ বলে ৫০ রান করেন। অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বী শেষ দিকে ১১ বলে ২১ রান করে দলের সংগ্রহটা বড় করেন। 

বড় টার্গেট তাড়া করতে নেমে মারুফ মৃধা (৩/২৯), রোহানাত দৌলা বর্ষণ (৩/২৬) ও ইকবাল হোসেন ইমনের (২/১৫) পেসের সামনে এলোমেলো আমিরাতিরা ২৪.৫ ওভারে সবক’টি উইকেট হারায়। স্পিনার শেখ পারভেজ জীবন নেন ২টি উইকেট। স্বাগতিক দলটি বাংলাদেশকে কোনো বিভাগেই চ্যালেঞ্জ জানাতে পারেনি।

ভারত, আফগানিস্তান ও পাকিস্তানের বাইরে এবার শিরোপা গেল অন্য কোনো দেশে। দশবারের মধ্যে সর্বোচ্চ আটবার শিরোপা জিতেছে ভারত। আফগানিস্তান একবারের চ্যাম্পিয়ন। আর পাকিস্তান একবার ভারতের সঙ্গে শিরোপা ভাগাভাগি করে। 

বাংলাদেশ দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে প্রথম শিরোপা জয়ের কৃতিত্ব দেখাল। এর আগে ২০১৯ সালের ফাইনালে তারা ভারতের কাছে পাঁচ উইকেটে হেরেছে। সেই ভারতকে এবার সেমিফাইনালে হারায় রাব্বীর দল। 

যুব এশিয়া কাপের দশম আসরে আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করে। আইসিসির পাঁচটি পূর্ণ সদস্য দেশ ছাড়াও এশিয়া কাপে অংশ নেয় সংযুক্ত আরব আমিরাত, নেপাল ও জাপান। আট দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলেছে। ‘এ’ গ্রুপে খেলেছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরাত, শ্রীলংকা ও জাপান। তিন ম্যাচেই জয়লাভ করে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। গ্রুপ পর্বে আমিরাতকে ৬১ রানে হারিয়ে দেয়া টাইগার যুবারা গতকাল ফাইনালেও ব্যাট-বলে কর্তৃত্ব করে জিতল। 

যুব ক্রিকেট দলের এটি দ্বিতীয় বড় অর্জন। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে যুব বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সেই দলটির প্রায় সবাই বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন। বর্তমান নিউজিল্যান্ড সফররত ওয়ানডে ও টি২০ দলে রয়েছেন যুব বিশ্বকাপজয়ী তানজিদ হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তাওহিদ হৃদয়, শামীম হোসেন ও রাকিবুল হাসান। এছাড়া টেস্ট দলে খেলেন মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন।

এবার যুব দলটি পেল এশিয়ার শ্রেষ্ঠত্ব। আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় বসছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসর। ওই আসরে অংশ নেবে রাব্বীর নেতৃত্বাধীন দলটি। এশিয়ান চ্যাম্পিয়নদের কাছে বিশ্বকাপেও বড় প্রত্যাশা থাকবে দেশের। 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৮২/৮ (শিবলি ১২৯, রিজওয়ান ৬০, আরিফুল ৫০; আইমান ৪/৫২, আমিদ রেহমান ২/৪১)। সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল: ২৪.৫ ওভারে ৮৭ (ধ্রুব পারাশার ২৫*, অক্ষত রায় ১১; বর্ষণ ৩/২৬, মারুফ ৩/২৯, ইমন ২/১৫)। ফল: বাংলাদেশ ১৯৫ রানে জয়ী। প্লেয়ার অব দ্য ফাইনাল ও প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: আশিকুর রহমান শিবলি (বাংলাদেশ)।