সাতক্ষীরায় অভিযান পরিচালনাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সাঈদুজ্জামান (৪৯) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গতকাল রাতে সাতক্ষীরা শহরের কাটিয়া লস্কারপাড়া এলাকায় একটি অভিযানে অংশ নেয়ার সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সাঈদুজ্জামান কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
মরদেহ ময়নাতদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সাঈদুজ্জামান কুষ্টিয়া জেলার পারমৃত্তিকাপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল গফুর মণ্ডলের ছেলে ছিলেন।










