এ বছর ঢাকাসহ বিভিন্ন জেলায় দিনের লম্বা সময় কুয়াশা স্থায়ী হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এতে সড়ক, নৌ ও আকাশপথে পরিবহনে বিঘ্ন ঘটছে। বিশেষজ্ঞরা একে কুয়াশা বা ফগ না বলে ধোঁয়াশা বা স্মোগ বলছেন। তাদের মতে, কুয়াশা স্বাভাবিক শীতের বৈশিষ্ট্য। এটা প্রকৃতির জন্য প্রয়োজনীয়ও বটে। কিন্তু ধোঁয়াশা বায়ুদূষণের প্রভাব। ঢাকা ও বড় শহরগুলোর দূষিত বায়ু ধোঁয়াশার স্থায়িত্ব বাড়াচ্ছে। গত কয়েক বছরে দেশে বায়ুদূষণের সঙ্গে সঙ্গে এই ধোঁয়াশার স্থায়িত্ব ও বিস্তৃতি বাড়ছে।
সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, গতকাল বেলা ১১টা ২০ মিনিটের দিকে রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ২৮২। এ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল এ মেগাসিটি। তালিকার শীর্ষ অবস্থানে ছিল আফগানিস্তানের কাবুল, যার স্কোর ৩৩০। তৃতীয় ও চতুর্থ অবস্থানে যথাক্রমে ভারতের কলকাতা (স্কোর ২৩৮) ও দিল্লি (স্কোর ২০২)।
অন্যবারের তুলনায় এবার দেশে ধোঁয়াশার স্থায়িত্ব বেশি বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। বণিক বার্তাকে তিনি বলেন, ‘আমরা পর্যবেক্ষণ করে দেখেছি, এ বছর দীর্ঘ সময় ধরে কুয়াশা বা ধোঁয়াশা থাকছে। এটা হয়েছে বায়ুদূষণের প্রভাবে। ফলে সূর্যকিরণ পাওয়া যাচ্ছে না। সূর্যকিরণ না থাকলে মানুষ বিশেষ করে শিশু ও বয়স্করা বেশ অসুস্থ হয়ে পড়েন। এছাড়া কৃষি উৎপাদন ব্যাহত হয়। অন্যান্য জীবজন্তুও অসুবিধায় পড়ে।’
আবহাওয়া ও পরিবেশবিদরা বলছেন, বায়ুদূষণের প্রভাবে বায়ুমণ্ডল ঢেকে যাচ্ছে ঘন কুয়াশায়, যা মূলত স্মোগ বা ধোঁয়াশা। এ স্তর ভেদ করে ভূপৃষ্ঠে সূর্যের আলো পৌঁছাতে পারছে না। ফলে তাপমাত্রার তুলনায় বেশি শীত অনুভূত হচ্ছে।
শীতকালে বায়ুদূষণের প্রক্রিয়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষক সাইফ শাহরুখ বলেন, ‘শহরের যানবাহন, শিল্প-কারখানা ও অন্যান্য উৎস থেকে নির্গত ধোঁয়া ও ক্ষতিকর কণা মূলত মাটির কাছের বাতাসে থাকে। শীতকালে যখন উপরের স্তরে উষ্ণ বাতাস একটি ঢাকনার মতো তৈরি করে, তখন এ দূষিত বাতাস ওপরে উঠে ছড়িয়ে পড়তে পারে না। এতে সময়ের সঙ্গে সঙ্গে বাতাসে ক্ষতিকর উপাদানের ঘনত্ব বাড়তে থাকে।’
বায়ুদূষণের প্রভাবে মানব স্বাস্থ্যে এবং অর্থনীতিতে ক্ষতি হচ্ছে বলে বিভিন্ন গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি বিশ্বব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার ইন্দো-গাঙ্গেয় সমভূমি ও হিমালয়ের পাদদেশ অঞ্চলজুড়ে (আইজিপি-এইচএফ) বায়ুদূষণ স্বাস্থ্য ও উৎপাদনশীলতায় বড় ধরনের ক্ষতি ডেকে আনছে। বায়ুদূষণ এখন এ অঞ্চলের সবচেয়ে গুরুতর উন্নয়ন চ্যালেঞ্জগুলোর একটি। এ অঞ্চলের মধ্যে পড়েছে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল ও পাকিস্তান।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘এ অঞ্চলে কুয়াশা বলয় তৈরি হওয়ার ক্ষেত্রে বায়ুদূষণের ভূমিকা রয়েছে। যেহেতু বায়ুদূষণ বাড়ছে, তাই বায়ুমণ্ডলে দীর্ঘ সময় ধরে কুয়াশা জমে থাকছে। কেননা, কুয়াশা জমার জন্য কণা প্রয়োজন। আর বায়ুমণ্ডলে দূষিত কণা সে ভূমিকা রাখছে।’
সার্বিক বিষয়ে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক বণিক বার্তাকে বলেন, ‘শীতকালে দেশে অভ্যন্তরীণ দূষণ বেড়ে যায়। এ সময় ইটভাটাগুলো সক্রিয় হয়। বৃষ্টি না থাকায় নির্মাণকাজ বেড়ে যায়। আমরা চেষ্টা করছি অভ্যন্তরীণ বায়ুদূষণ কমাতে। আমরা ঢাকার ইটভাটা বন্ধ করছি। সাভারকে এয়ার ডিগ্রেডেড এলাকা ঘোষণা করেছি। কালো ধোঁয়া নির্গতকারী গাড়ি ডাম্পিং করছি। বর্জ্য পোড়ানোর ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছি।’










