ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি২০ লিগ বিপিএলের দশম আসর সদ্যই শেষ হলো চরম উত্তেজনাপূর্ণ ফাইনালের মধ্য দিয়ে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ফরচুন বরিশালের শিরোপা উৎসব করার ঠিক তিনদিন পর এবার আন্তর্জাতিক টি২০ ক্রিকেটের উত্তাপ। সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে মুখোমুখি দুই চেনা প্রতিপক্ষ বাংলাদেশ-শ্রীলংকা। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম টি২০। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। টি২০ বিশ্বকাপের বছর এ ফরম্যাটে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ ও শ্রীলংকা। ৬ মার্চ দ্বিতীয় ও ৯ মার্চ তৃতীয় ম্যাচ। তিনটি ম্যাচের ভেন্যুই চায়ের শহর সিলেট। 

এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়তে দুই দল চলে যাবে চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ মার্চ তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সীমিত ওভারের দুটি সিরিজ শেষে দুই ম্যাচের টেস্টে লড়বে টাইগার ও সিংহরা। প্রথম টেস্ট সিলেটে, দ্বিতীয়টি চট্টগ্রামে। 

চোখের সমস্যার কারণে শ্রীলংকার বিপক্ষে কোনো সিরিজেই খেলবেন না বাংলাদেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। তিনি দলের সেরা পারফরমার। আবার তার সময়েই টি২০তে বেশ ধারাবাহিকতা দেখায় বাংলাদেশ। সাকিব আগ্রহ না দেখানোয় নাজমুল হোসেন শান্তকে স্থায়ী অধিনায়কের দায়িত্ব দিয়েছে বিসিবি। সাকিব নেতৃত্বে নেই, স্কোয়াডেও নেই। কাজেই বাংলাদেশ দলকে নিয়ে নতুন এক চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন শান্ত। 

টি২০ ফরম্যাটে বাংলাদেশের রেকর্ড উজ্জ্বল নয়। যদিও নিকট অতীতে ঈর্ষণীয় সাফল্য পেয়েছে টাইগাররা। গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের মাঠে তিন ম্যাচের সিরিজ ১-১-এ ড্র করে তারা। তার আগে ঘরের মাঠে আফগানিস্তান, আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। টি২০তে নির্ভীক ক্রিকেট খেলার সংস্কৃতিটা সাকিবের নেতৃত্বেই গড়ে উঠেছে। এখন শান্তর কাঁধে দায় সেটি সামনে এগিয়ে নেয়ার।প্রথম টি২০ ম্যাচ সামনে রেখে গতকাল সকাল ১০টায় অনুশীলন করে বাংলাদেশ দল। অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ দলনায়ক শান্ত। পরে লংকান দলনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা ও শান্ত সিরিজের ট্রফি নিয়ে পার্শ্ববর্তী চা-বাগানে ফটোসেশনে অংশ নেন।

টি২০ ফরম্যাট নিয়ে শান্ত বলেন, ‘টি২০তে আমাদের গত বছরটা খুব ভালো কেটেছে। আমার মনে হয়, এখানে আগে থেকে অনেক উন্নতি হয়েছে। আরো কিছু জায়গায় উন্নতি করলে দেখা যাবে যে আমরা যেকোনো দলের বিপক্ষে যেকোনো কন্ডিশনে ভালো করছি।’ সাকিব না থাকলেও শ্রীলংকার বিপক্ষে শক্ত একাদশই মাঠে নামাতে পারবে বাংলাদেশ। তাওহিদ হৃদয়, লিটন দাস, মাহমুদউল্লাহ, এনামুল হক, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম, শরিফুল ইসলাম, তাইজুল ইসলামরা প্রত্যেকেই বিপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন। প্রথমবারের মতো টি২০ দলে ডাক পেয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সেরই স্পিনার আলিস আল ইসলাম। যদিও ভাগ্যবিড়ম্বিত এ রহস্য স্পিনার। বিপিএল চলাকালে তিনি আঙুলের ইনজুরিতে পড়েন। ফলে তার জায়গায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সেরই ব্যাটার জাকের আলীকে দলভুক্ত করেছেন বিসিবির নির্বাচকরা। 

এদিকে গত বছর ওয়ানডে বিশ্বকাপে শ্রীলংকার অ্যাঞ্জেলো ম্যাথুসকে ‘টাইমড আউট’ করে আলোচনার জন্ম দেন সাকিব। যা নিয়ে পরে ম্যাথুস সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন, বাংলাদেশের সমালোচনা করেন। বিশ্বকাপের রেশ এ সিরিজেও পড়বে কিনা? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে শান্ত বললেন, ‘শ্রীলংকার সঙ্গে বাইরের বিষয়গুলো নিয়ে চিন্তা করছি না। যেটা অতীতে হয়েছে সেটা অতীতই। আমার মনে হয় খুব ভালো একটা সিরিজই হবে। দুই দলই জেতার জন্য খেলবে।’

তিনি আরো বলেন, ‘আমরা নিজেদের কাজটা নিয়েই ফোকাস করছি, জেতার জন্য যে প্ল্যান করা দরকার, যা যা করা দরকার অবশ্যই আমরা সেটা করব। আশা করছি ভালো সিরিজই হবে।’

বাংলাদেশ যেমন সাকিবকে পাবে না, তেমনি লংকানরা পাবে না চৌকস অলরাউন্ডার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভাকে। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজে লংকান আম্পায়ার লিন্ডন হান্নিবলের সঙ্গে অসদাচরণ করায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। ফলে বাংলাদেশের বিপক্ষে সিরিজে প্রথম দুই ম্যাচে খেলতে পারছেন না। তার অনুপস্থিতিতে চারিথ আসালঙ্কা শ্রীলংকাকে নেতৃত্ব দেবেন। যদিও হাসারাঙ্গার শূন্যতা পূরণ করা কঠিনই। কারণ তিনি ‘একের ভেতর দুই’। বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার, তেমনি মারমুখী ব্যাটারও। টি২০ ফরম্যাটে শ্রীলংকার সবচেয়ে ‘মূল্যবান’ খেলোয়াড় হিসেবে অভিহিত করা হয় হাসারাঙ্গাকে। তার না থাকা সিংহলিজদের জন্য বড় একটি ধাক্কাই।

এছাড়া কুশল জেনিত পেরেরাও খেলতে পারছেন না। পাকস্থলীর পীড়ায় তিনি ছিটকে যান। তার জায়গায় নিরোশান ডিকবেলা ডাক পেয়েছেন দলে। ২০ ওভারের এই ফরম্যাটে দুটি দল এখন পর্যন্ত ১৩ ম্যাচে মুখোমুখি হয়েছে, যার মধ্যে শ্রীলংকা জিতেছে ৯টি, আর বাংলাদেশ ৪টি। দুই দল সর্বশেষ এ ফরম্যাটে মুখোমুখি হয় ২০২২ সালে। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সেই ম্যাচে বাংলাদেশকে ২ উইকেটে হারায় শ্রীলংকা। সর্বশেষ পাঁচবারের মোকাবেলায় সিংহলিজরা তিনবার ও বাংলাদেশ দুবার জয় পেয়েছে। 

সিলেটে টি২০তে এ নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা। ২০১৮ সালে প্রথম দেখায় স্বাগতিকরা হেরে যায় ৭৫ রানে। তারুণ্যনির্ভর আর আত্মবিশ্বাসী বাংলাদেশ কি এবার পারবে সিংহলিজদের হারাতে?