বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক হলেন ড. মো. এজাজুল ইসলাম। বিআইবিএম থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিআইবিএমে যোগ দেয়ার আগে তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গ্রেড-১) ছিলেন এবং মুদ্রানীতি বিভাগের দায়িত্বে ছিলেন। তিনি মুদ্রানীতি কমিটি, বৈদেশিক মুদ্রা নিলাম কমিটি এবং মানি মার্কেট অপারেশন কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিন দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন দায়িত্বে ছিলনে। এ সময়ে তিনি মুদ্রা ও সামষ্টিক অর্থনৈতিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে ভূমিকা রাখেন। যার মধ্যে মুদ্রানীতি ও রাজস্বনীতি, বিনিময় হার নীতি এবং সুদের হার নীতিসহ বিভিন্ন নীতিক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি মুদ্রানীতি কাঠামো আধুনিকীকরণে নেতৃত্ব দেন এবং ইন্টারেস্ট রেট করিডর চালু, পাশাপাশি তারল্য ব্যবস্থাপনা ও মানি মার্কেট অপারেশনের উপকরণ ও কার্যক্রম সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ড. ইসলাম দেশী ও বিদেশী রেফারিড জার্নালে অর্থ, ঋণ, দেনা, বিনিময় হার, ব্যাংকিং, সুদের হারসহ আর্থিক ও সামষ্টিক অর্থনৈতিক বিষয়ে ৩৫টিরও বেশি প্রবন্ধ প্রকাশ করেছেন। তিনি মুদ্রা অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে তিনি বাংলাদেশ ব্যাংক গোল্ড মেডেল ‘এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড’ লাভ করেন।