দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। গতকাল রাঙ্গামাটি, ফেনী ও নাটোরে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে— 

রাঙ্গামাটি: জেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল সকালে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাবাগানে মহাসড়কে একটি মালবাহী লরি একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে উভয় পরিবহনই খাদে পড়ে যায়। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত এবং চালকসহ দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন—নবীন হোসেন (৫০), মো. হানিফ (৪৫) ও মো. সোহেল (২১)। আহতরা হলেন চালক মো. নূর আজিম (২৫) ও যাত্রী সৈকত চাকমা (২২)। গুরুতর আহত অটোরিকশাচালক মো. নূর আজিমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। ঘাতক লরিটির চালক ও সহকারী পালিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, রাঙ্গামাটি শহর থেকে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ঘাগড়াবাজার যাচ্ছিল। এ সময় চট্টগ্রামগামী একটি মালবাহী লরি এটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাসহ লরিটি প্রায় ৪০ ফুট নিচে পাহাড়ি খাড়ে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী জানান, নিহত তিনজনের মধ্যে দুজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পরপরই মারা যান আরেকজন। 

ফেনী: জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুরে গতকাল সড়ক দুর্ঘটনায় এক লেগুনাচালক নিহত হয়েছেন। মো. আফসার হোসেন (৪২) নামের ওই ব্যক্তি সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের মধ্যম শিবপুর গ্রামের মৃত নজির আহমদের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা ২টার দিকে মো. আফসার হোসেন ফাজিলপুরে চট্টগ্রামমুখী লেন থেকে ঢাকামুখী লেনে ইউটার্ন নিচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় লেগুনাটি সড়কের ওপর ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক আফসার হোসেন ও শাখাওয়াত হোসেন (১৯) নামের এক যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক লেগুনাচালক আফসার হোসেনকে মৃত ঘোষণা করেন। 

নাটোর: জেলার লালপুর উপজেলার জামতলায় ইটবোঝাই পাওয়ার ট্রলি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ট্রলিচালক বাপ্পি হোসেনের (২০) মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন পিকআপচালক ও ট্রলির হেলপার। আহতদের মধ্যে জীবন নামে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত বাপ্পি হোসেন উপজেলার অমৃতপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। আহত জীবন রহিমপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র। অন্য আহতের পরিচয় জানা যায়নি।