গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৫১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে কেউ মারা যায়নি। শনিবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৪০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৯৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন রয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ৪৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৪২ হাজার ৯৭১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৪৫ হাজার ২০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৮৮ জনের।