ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময় শেষ হচ্ছে আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর)। নির্বাচন কমিশনের (ইসি) জারি করা পরিপত্র অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।

মনোনয়নপত্র জমার সময় প্রার্থী, প্রস্তাবক ও সমর্থকসহ পাঁচজনের বেশি উপস্থিত থাকা যাবে না। এ সময় মিছিল বা শোডাউন করা হলে তা আচরণবিধি লঙ্ঘনের শামিল হবে বলেও জানিয়েছে ইসি।

নির্বাচনি তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ২৯ ডিসেম্বর। এরপর ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই চলবে।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

ইসি জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের ১২(৩) ধারা অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারিত নিয়ম মেনে কাগজপত্র জমা না দিলে তা গ্রহণযোগ্য হবে না। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা পরিপত্র আকারে এরইমধ্যে প্রকাশ করেছে কমিশন।