কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের নগরপাড়া গ্রামে বিদ্যুত্স্পৃষ্টে তৈয়ব আলী (৪৫) ও হাকিম উদ্দিন (৫৫) নামের দুজনের মৃত্যু হয়েছে। নিহত দুজন সম্পর্কে মামা-ভাগ্নে। গুরুতর আহত হয়েছেন নিহত তৈয়ব আলীর স্ত্রী। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে তৈয়ব আলী ও মৃত ইসলামের ছেলে হাকিম উদ্দিন। তারা দুজনই ওই গ্রামের বাসিন্দা।
জানা যায়, দুপুরে লোডশেডিংকালে বিদ্যুতের তার মেরামতের কাজ করছিলেন তারা। হঠাৎ বিদ্যুৎ এলে তিনজনেই বিদ্যুত্স্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আর নিহত তৈয়ব আলীর স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাঈদুল ইসলাম জানান, দুপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে হাসপাতালে আসার আগেই দুজনের মৃত্যু হয়েছে। আরেকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির বিদ্যুত্স্পৃষ্টে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।









