পচা-বাসি মাংস সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখার দায়ে সাভারের গেন্ডা বাজারের এক মাংসের দোকানকে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ আগস্ট) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক বি এম রুহুল আমিন রিমনের নেতৃত্বে ‘জাহাঙ্গীর গোশত বিতান’ নামের এ দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দোকানটিতে বিক্রির উদ্দেশ্যে পচা-বাসি কাঁচা মাংস সংরক্ষণ করতে দেখা যায়। এছাড়া সংরক্ষণ ও বিক্রির জন্য ঝুলিয়ে রাখা মাংসের ক্রয় ভাউচার বা রসিদ দেখাতে ব্যর্থ হন দোকান সংশ্লিষ্টরা। একই সঙ্গে দোকানের ট্রেড লাইসেন্সও প্রদর্শন করতে পারেননি তারা।
এসব অপরাধে দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী দোকানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী দলে ছিলেন ঢাকা জেলা নিরাপদ খাদ্য অফিসার নাজমুল ইসলাম, মনিটরিং অফিসার ইমরান হোসেন মোল্লা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা।










