দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণে বরিশাল অঞ্চলের বিভিন্ন নদীর ২৭২ কিলোমিটার অভয়াশ্রমে মার্চ-এপ্রিল এ দুই মাস সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে। এসব নদনদী হলো বরিশাল, ভোলা ও পটুয়াখালী জেলার মেঘনা, কালাবদর, কীর্তনখোলা, আড়িয়াল খাঁ, তেঁতুলিয়া, ইলিশা নদী। এছাড়া নভেম্বর-জুলাই পর্যন্ত দেশের সব নদনদীতে নয় মাস জাটকা শিকারে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। তবে মাছ শিকারে দুই মাসের এ নিষেধাজ্ঞা মানছেন না অসাধু জেলেরা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এ নিষেধাজ্ঞার সময়ে জেলেরা শিকার করছেন ইলিশসহ সব ধরনের মাছ। জাটকা শিকার বন্ধে মৎস্য বিভাগের কার্যকর কোনো তৎপরতা নেই। কিছু স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে জেলেদের কারা ও অর্থদণ্ড দেয়া হলেও তা অপ্রতুল।

জেলেরা বলছেন, নিবন্ধিত জেলেদের অনেকে এখন আর মাছ ধরছেন না। তারা পেশা বদল করেছেন। আর পেশা পরিবর্তন করলেও তালিকায় তাদের নাম থাকায় এ নিষেধাজ্ঞার সময় সরকারের সহায়তার চাল পাচ্ছেন তারা। আর যারা এখন এ পেশার সঙ্গে জড়িত তাদের অনেকেই তালিকাভুক্ত বা নিবন্ধিত হননি। ফলে তারা এ সহায়তার চাল পাচ্ছেন না। যে কারণে প্রকৃত জেলেরা সহায়তার চাল না পেয়ে তারা পেটের তাগিদে কেউ কেউ জেল-জরিমানার ভয় উপেক্ষা করে নদীতে মাছ শিকারে নামছেন। তারা প্রকৃত জেলেদের নাম নিবন্ধনের আওতায় আনার দাবি জানান। 

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের জেলে তালিকা ধরে প্রকৃত জেলে খোঁজ করতে গিয়ে এমন চিত্র পাওয়া গেছে। এ ইউনিয়নে ২০২২ সালে নিবন্ধিত জেলের ৭২৩ জনের মধ্যে হালনাগাদ তালিকা করার পর এখন মোট নিবন্ধিত জেলে রয়েছে ৪১৬ জন। পাশের লতা ইউনিয়নেও একই চিত্র। এ ইউনিয়নে আগে ৭৪০ জন জেলে নিবন্ধিত ছিলেন। তবে এবার হালনাগাদ যে তালিকা করা হয়েছে তাতে ৩৭০ জেলের নাম রয়েছে। এ ইউনিয়নে প্রকৃত জেলে খুঁজে পাওয়া কষ্টসাধ্য। এ দুই ইউনিয়ন লাগোয়া কালাবদরের শাখা (লতা নদীর স্থানীয় নাম) এখন মরে খালে রূপ নিয়েছে। এ নদীতে এখন আর কেউ মাছ ধরছে না। ২০ বছর আগে এ নদীতে যারা মাছ ধরতেন তাদের নাম এখনো তালিকায় রয়েছে। ওই তালিকা হালনাগাদ করার পরও যাদের নাম তালিকায় এসেছে তাদের অধিকাংশই এখন পেশা পরিবর্তন করেছেন। ফলে পেশা পরিবর্তন করেও জেলে রয়ে গেছেন তারা। তারাও জেলে সহায়তার চাল নিচ্ছেন। তালিকার বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের হাতে ছিল দীর্ঘদিন। তারা যে তালিকা করে দিতেন তাই চূড়ান্ত হতো বলে জানান মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল হোসেন। তবে এবার হালনাগাদে কিছু জেলের নাম বাদ পড়ায় ওই দুই ইউপির চেয়ারম্যানরা তার ওপর চটেছেন বলে তিনি দাবি করেছেন। 

বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মাদ নাসির উদ্দিন বলেন, বরিশাল বিভাগের ৬ জেলায় জাটকা নিধন বন্ধের সময়ে ৩ লাখ ৬০ হাজার ৮৬৯ জন নিবন্ধিত জেলের মধ্যে ২ লাখ ৩০ হাজার ১৮৭ জনকে ৩৬ হাজার ৮২৯ দশমিক ৯২ টন ভিজিএফের চাল সহায়তা প্রদান করা হয়েছে। এর পরও কেউ কেউ নিষেধাজ্ঞা মানছেন না। 

বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মাদ নাসির উদ্দিন বলেন, ‘‌আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।