ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় পর্যটকবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। এতে তিন যাত্রী দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কুয়াকাটা যাচ্ছিল ইসলাম পরিবহনের পর্যটকবাহী বাসটি। মহাসড়কের টোল পরিশোধের জন্য ধলেশ্বরী টোল প্লাজার চার নম্বর লেনে প্রবেশ করলে হঠাৎ করে বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ততক্ষণে বাসটির বেশির ভাগ অংশই পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ধলেশ্বরী টোল প্লাজার দুটি টোলঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বুথ দুটিতে টোল আদায়ের কার্যক্রম বন্ধ হয়ে যায়। 

সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ বাদল রহমান বলেন, ‘দুপুর ১২টা ১৬ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ডের খবর পান। পরে স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’ 

আক্রান্ত বাসটি রাজধানীর সায়েদাবাদ থেকে পটুয়াখালীর কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনার পর বিকালে ধলেশ্বরী টোল প্লাজা থেকে সেটিকে সরিয়ে নেয়া হয়। 

আকস্মিক এ অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি কিংবা শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে। 

মুন্সিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। বাকি আহতদের স্থানীয় পর্যায়ে চিকিৎসা চলছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত টোলবুথ দুটি শিগগিরই মেরামত শেষে সচল করা হবে।’