বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) রমনা রেজিমেন্টের তত্ত্বাবধানে এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) বিএনসিসি প্লাটুনের সহযোগিতায় আয়োজিত পাঁচ দিনব্যাপী ফার্স্ট এইড প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

আইইউবিএটি ক্যাম্পাসে আয়োজিত এ প্রশিক্ষণে রমনা রেজিমেন্টের আওতাধীন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ৫০ জন বিএনসিসি ক্যাডেট অংশ নেন। তাদের মধ্যে ১০ জন বিমান শাখা এবং ১০ জন নৌ শাখার ক্যাডেট ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন রমনা রেজিমেন্টের অ্যাডজুট্যান্ট মেজর মুহাম্মদ আব্দুস সালাম। এতে আইইউবিএটির উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে ক্যাডেটদের রক্তচাপ পরিমাপ, রক্তক্ষরণ নিয়ন্ত্রণ, ক্ষতস্থানের প্রাথমিক পরিচর্যা, অজ্ঞান ব্যক্তিকে সেবা প্রদান, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, ভাঙা হাড়ের প্রাথমিক ব্যবস্থাপনা, দগ্ধ রোগীর পরিচর্যা, জরুরি রোগী স্থানান্তর এবং দুর্যোগকালীন প্রাথমিক চিকিৎসা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেয়া হয়।

বক্তারা বলেন, প্রাথমিক চিকিৎসাবিষয়ক জ্ঞান ও দক্ষতা জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের প্রশিক্ষণ ক্যাডেটদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সেবা প্রদানে সক্ষম করে তোলে।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী ক্যাডেটদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।