তিন দফা দাবিতে বুয়েটসহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শাটডাউন কর্মসূচির কারণে আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) সব পরীক্ষা বন্ধ রয়েছে। বৃহস্পতিবার বুয়েটে সাপ্তাহিক ছুটি থাকায় কোনো ক্লাস হয় না। তবে শুক্রবার ছাড়া বাকি সব দিন পরীক্ষা হয়।
গতকাল বুধবার রাতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম প্রকৌশল অধিকার আন্দোলন। আজ সকালে বুয়েটের কোনো বিভাগের কোথাও শিক্ষার্থীরা আসেননি। কর্মকর্তা–কর্মচারীরা জানান, গতকাল থেকেই শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
তিন দফা দাবিতে গতকাল দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একপর্যায়ে বেলা দেড়টার দিকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ বাধা দেয়। শুরু হয় ধস্তাধস্তি, ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন শিক্ষার্থীরা। পরে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং জলকামান দিয়ে পানি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ ঘটনায় কমপক্ষে ৫০-৬০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে আন্দোলনকারীদের দাবি।
প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের পেশাগত দাবির যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করেছে সরকার। উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়।
তবে এ কমিটিকে প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তারা আগের তিন দফা দাবির পাশাপাশি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে দুঃখ প্রকাশ ও জবাবদিহিসহ পাঁচ দফা দাবি জানান।
এর আগে আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে গতকাল রাতে বৈঠক করেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৈঠক শেষে ফাওজুল কবির বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটেছে, তা অনাকাঙ্ক্ষিত। এর জন্য ক্ষমা চাইবেন পুলিশের প্রতিনিধি।’ আলোচনার জন্য সরকারের দরজা খোলা রয়েছে জানিয়ে তিনি এও বলেন, ‘কথায় কথায় যমুনা অভিমুখে যাত্রা অনভিপ্রেত।’
সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আজ থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে গতকাল রাত সাড়ে ১০টায় অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।










