মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাবা-মেয়ে নিহত হয়েছেন। শেরপুর, খাগড়াছড়ি, জামালপুর ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আরো ছয়জনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৮ জন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-
মুন্সিগঞ্জ: গতকাল দুপুরে ঢাকা থেকে মাওয়াগামী লেনে একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি মহাসড়কে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান কামাল হোসেন (৩০) ও তার মেয়ে মাহিরা মাহি (১০)। কামাল হোসেন বরিশালের রমজানকাঠি এলাকার আব্দুল হাকিমের ছেলে।
হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, যাত্রীবাহী বাসটিকে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
খাগড়াছড়ি: মাটিরাঙ্গায় পর্যটকবাহী বাস ও পিকআপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল বেলা ১১টার দিকে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রীতি বালা গুহ ও অনিমা ঘোষ।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, অনিমা ঘোষ স্বজনদের নিয়ে খাগড়াছড়ি শহরের দক্ষিণ মাথা এলাকা থেকে পিকআপে করে গুইমারায় মেয়ের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। মাটিরাঙ্গার সাপমারা এলাকায় পৌঁছালে রকি পরিবহনের পর্যটকবাহী বাস এসে পিকআপে ধাক্কা দেয়। এতে ১৭ জন আহত হন। তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রীতি ও অনিমাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা: আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রাসেল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন গাড়িচালক। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল চুকনগর এলাকার বাসিন্দা ও আহত রনি মোড়ল যশোর জেলার মফিজুল ইসলামের ছেলে।
জামালপুর: বকশীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে গোলাম ফারুক লিটন (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে বকশীগঞ্জ-জামালপুর মহাসড়কের পাখিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম ফারুক লিটন বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে।
পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানায়, গোলাম ফারুক ব্যবসার কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনের রাস্তা অতিক্রম করার সময় পেছন থেকে আরেকটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এ সময় রাস্তায় পড়ে আহত হন গোলাম ফারুক। পরে তাকে শেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর: শ্রীবরদীতে যাত্রীবাহী বাস ও কাঠবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সংঘর্ষে হামিদুর রহমান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১২ জন। গতকাল সকালে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের কুরুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিদুর রহমান শ্রীবরদী উপজেলার বড়পোড়াগড় এলাকার মফিজ উদ্দিনের ছেলে ও ট্রলির হেলপার ছিলেন।










