রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ট্রেনের ধাক্কায় নাজমুল ইসলাম (৩৪) ও অন্তরা (২২) নামে দুই পোশাক কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নাজমুল ইসলাম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পশ্চিম অনন্তপুর গ্রামের নূরনবীর ছেলে। তিনি গাজীপুরের টঙ্গী এলাকায় থাকতেন এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কোয়ালিটি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। নিহত অন্তরা একই প্রতিষ্ঠানের কর্মী, তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাতে কর্মস্থল থেকে ফেরার পথে তারা রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় পেছন থেকে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে নাজমুলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্তরাও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।










