রাঙ্গামাটির কাউখালী উপজেলায় আওয়ামী লীগের তিন কর্মীকে অপহরণের অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে উপজেলার কলমপতি ইউনিয়নের বড় আমছড়ি থেকে তাদের অপহরণ করা হয় বলে দাবি করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

অপহৃতরা হলেন চাখিয়াই মং মারমা (২২), বাদো মারমা (৩০) ও চিংথোয়াই প্রু মারমা (২৫)। তারা সবাই কলমপতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী।

কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা জানান, ইউপিডিএফ অধ্যুষিত এলাকা থেকে তাদের তিন কর্মীকে অপহরণ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে ইউপিডিএফ জড়িত বলে ধারণা তাদের। অপহৃতদের উদ্ধারে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা জানান, এ ঘটনার সঙ্গে ইউপিডিএফ সম্পৃক্ত নয়। পার্বত্য চট্টগ্রামের মানুষ ভোট বর্জন করেছে, সেটি ঢাকতে নাটক সাজানো হচ্ছে।

কাউখালী থানার ওসি রাজীব চন্দ্র কর জানান, অপহরণের বিষয়টি তিনি শুনেছেন। তবে কেউ লিখিত বা মৌখিকভাবে অভিযোগ করেননি।