বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় পুলিশের সঙ্গে ডাকাতদলের গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ১টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে। এ সময় চার ডাকাতকে আটকের পাশাপাশি বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। আরো চার-পাঁচ ডাকাত পালিয়ে যায়।
আটককৃতরা হলো বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বলাইকাঠি এলাকার সেলিম হাওলাদার ওরফে কাটারো সেলিম (৩৮), মো.
রফিকুল ইসলাম রানা (৩৫), পশ্চিম
চরামদ্দি এলাকার মো. মিজান ওরফে নিজাম হাওলাদার (৪২) ও বরগুনা জেলা সদরের বড়ইতলা এলাকার মো. বারেক সিকদার (৩৭)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড কার্তুজ, একটি ছোরা, একটি বগি দা, একটি চাইনিজ কুড়াল, একটি স্ক্রু ড্রাইভার, একটি সেলাই রেঞ্জ, একটি টর্চ লাইট, পাঁচ টুকরা রশি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর খাঞ্জাপুর ও ইল্লা নামক এলাকার মাঝে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে গৌরনদী মডেল থানার পুলিশ ডাকাত দলকে ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি ছুড়ে পালানোর চেষ্টা চালায়। পুলিশও পাল্টা গুলি চালিয়ে চার ডাকাতকে আটক করে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে অস্ত্রসহ আটক করা হয়েছে। ডাকাতদলের সদস্যরা অভিযানের বিষয়টি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় কয়েকজন ডাকাত সদস্য পালিয়ে গেলেও চারজনকে আটক করা হয়েছে।
তিনি জানান, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের নামে বরিশাল, বরগুনা ও পিরোজপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে গতকাল দুপুরে নগরীর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান, গৌরনদী উপজেলায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ডিবি পুলিশ সেখানে যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় চার ডাকাতকে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির জন্য একটি ও অস্ত্র আইনে আর একটি মামলা হয়েছে।
এদিকে গাজীপুর মহানগরের ঝাঁজর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ নয় ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-১। গতকাল তাদের আদালতে তোলা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।









