ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে খুনের শিকার পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসের বাড়িতে গিয়ে সহানুভূতি জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

আজ মঙ্গলবার সরকারের পক্ষ থেকে তিনি সেখান যান বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এ সময় তিনি দীপু চন্দ্র দাসের বাবা রবিলাল দাসসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন এবং কঠিন সময়ে সরকারের সহানুভূতি ও সহযোগিতার আশ্বাস দেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, এ হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ—এর কোনো যুক্তি নেই এবং বাংলাদেশের সমাজে এর কোনো স্থান নেই। অভিযোগ, গুজব কিংবা বিশ্বাসগত মতপার্থক্য কখনোই সহিংসতার অজুহাত হতে পারে না; আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার কারো নেই।

এ সময় তিনি আইনের শাসনের প্রতি অন্তর্বর্তী সরকারের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সেইসঙ্গে সব অভিযোগ যথাযথভাবে তদন্ত করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে পরিবারকে আশ্বস্ত করেন।

উপদেষ্টা বলেন, এরই মধ্যে এর সঙ্গে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত চলছে। অন্তর্বর্তী সরকার নির্দেশ দিয়েছে।

তিনি আরো বলেন, ধর্ম, জাতিসত্তা বা পটভূমি নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও সমান আইনি সুরক্ষা নিশ্চিত করতে সরকার সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সব সম্প্রদায়, প্রতিষ্ঠান ও নেতাদের সহিংসতা প্রত্যাখ্যান, বিভাজন বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা প্রতিরোধ এবং সংযম, মানবিকতা ও আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে উপদেষ্টা জানান, দীপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক ও কল্যাণমূলক সহায়তা প্রদান করা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগামী সময়ে পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখবে।