দিনাজপুরের হিলি স্থলবন্দরের চেকপোস্ট গেট থেকে মহিলা কলেজ পর্যন্ত প্রধান সড়কটি চার লেনে উন্নীতকরণের কাজ দ্রুত বাস্তবায়ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। একই সঙ্গে তারা হিলি রেলস্টেশনের আধুনিকায়ন, আন্তঃনগরসহ সব ট্রেনের যাত্রাবিরতিরও দাবি জানান। এক মাসের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে ২ ঘণ্টা, আধাবেলা ও পূর্ণ দিবস বন্দরের কার্যক্রমসহ পুরো হিলি বন্ধের ঘোষণা দেয়া হয়।
হিলি-হাকিমপুর নাগরিক কমিটির উদ্যোগে গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। হিলি-হাকিমপুর নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী মধুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম প্রমুখ।









