ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারের আশ্বাসে তিন দিনের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি স্থগিত করেছে মোবাইল ব্যবসায়ীরা। তবে এ তিন দিন সারা দেশে মোবাইল হ্যান্ডসেটের দোকান বন্ধ থাকবে। এদিকে মোবাইল ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে ৫টি সংস্থার সভা ডেকেছে বিটিআরসি।
রোববার রাতে বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন মোবাইল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির (এমবিসিবি) সাধারণ সম্পাদক আবু সায়ীদ পিয়াস।
জানা যায়, এনইআইআর সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল, আমদানির সুযোগ উন্মুক্ত করা, ট্যাক্স কাঠামো পুনঃনির্ধারণ করার দাবিতে আজ দিনভর আন্দোলন করে মোবাইল ব্যবসায়ীরা। এ সময় তারা দ্রুত দাবি মেনে নেয়ার পাশাপাশি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের পদত্যাগসহ বিভিন্ন দাবি জানান। এতে সারা দেশের কয়েক হাজার মোবাইল দোকান মালিক ও কর্মচারী অংশ নেন।
এ সময় ব্যবসায়ীরা বলেন, ব্যবসায়ীরা বলেন, অবৈধ মোবাইল ফোন বন্ধের নামে একটি নির্দিষ্ট প্রভাবশালী গোষ্ঠীকে সুযোগ দিতে চাচ্ছে বিটিআরসি। আমরা এর আগে কয়েকবার আন্দোলন করেছি, সরকারকে বলেছি, কিন্তু তারা কর্ণপাত করে নাই। এ খাতের সঙ্গে কয়েক লাখ মানুষ পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত। আমরাই দেশের ৬০ শতাংশ মোবাইল ফোন সরবরাহ করছি। অথচ একটা সিন্ডিকেটের কারণে এনইআইআর করতে চাচ্ছে সরকার। সেটা করা হলে মাত্র ৯টা কোম্পানি পুরো মার্কেটটা চালাবে। ফোনের দাম যেমন বাড়বে তেমনি চাকরি হারাবে লাখ লাখ মোবাইল ব্যবসায়ী ও কর্মচারী।
এদিকে বিটিআরসির সঙ্গে দুই দফায় বৈঠকে বসে মোবাইল ব্যবসায়ীরা। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী এনইআইআর সংস্কারের বিষয়টি বিবেচনা করা হবে।
এমবিসিবি সাধারণ সম্পাদক আবু সায়ীদ পিয়াস বণিক বার্তাকে বলেন, এনইআইআর সংস্কারের বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্তে পৌঁছাতে বিটিআরসি রাজি হয়েছে। আর বাকি দাবির বিষয়ে আলোচনা করতে মন্ত্রণালয়, এনবিআর, বিটিআরসি, মোবাইল কোম্পানিরসহ ৫টি সংস্থার বিষয়ে সভা ডেকেছে। সেখান থেকে সিদ্ধান্ত আসতে পারে। আশ্বাস পেয়ে আমরা মঙ্গলবার পর্যন্ত আন্দোলন স্থগিত করছি। তবে সারা দেশে দোকান বন্ধ রেখে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাব।
বিটিআরসির এক কর্মকর্তা বলেন, সকাল থেকে আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি। এনইআইআর সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সন্ধ্যায় তারা পথ ছেড়ে দিয়েছে।










