জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) প্রধান ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধান খুঁজে পেতে তার সংস্থা বাংলাদেশকে সহায়তা করবে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের পর গ্রান্ডি এই মন্তব্য করেন।
তিনি প্রধান উপদেষ্টাকে বলেন, আমরা আপনার সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে একটি বড় বৈশ্বিক সম্মেলন আয়োজনের জন্য জাতিসংঘের সমর্থন চাওয়ার পর গ্রান্ডি এ কথা বলেন।
অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকটের প্রতি বৈশ্বিক মনোযোগ ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন, প্রায় আরো এক লক্ষ শরণার্থী বাংলাদেশের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। তিনি বলেন, পরিস্থিতি জটিল হয়ে উঠছে। আরো বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দেয়া হচ্ছে।
রোহিঙ্গাদের আশ্রয়কেন্দ্র তৈরিতে আরো ভালো উপকরণ ব্যবহারের সুযোগ দেয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান গ্রান্ডি। পূর্বে রোহিঙ্গারা শুধুমাত্র বাঁশ এবং ত্রিপলের সাহায্যে আশ্রয় তৈরির অনুমতি পেত।
সাক্ষাতের সময় তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের মানবিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। সেখানে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মিয়ানমার সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।
প্রধান উপদেষ্টা বলেন, তিনি রোহিঙ্গা সংকটের জন্য একজন উচ্চ প্রতিনিধি নিয়োগ করেছেন, যিনি সকল সরকারি এবং আন্তর্জাতিক সংস্থার মধ্যে সমন্বয় করছেন।










