তীব্র শীতের কারণে জয়পুরহাটে আজ রোববার (২১ জানুয়ারি) ও আগামীকাল সোমবার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সকালে জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শিক্ষা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। খবর বাসস।

শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের সিদ্ধান্ত মোতাবেক তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় রোববার ও সোমবার জেলার মাধ্যমিক পর্যায়ের ও প্রাথমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।

জয়পুরহাট জেলা শিক্ষা অফিসার আমান উদ্দিন জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ রাজশাহী অঞ্চলের নির্দেশনায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন জানান, জয়পুরহাটে সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করায় রোববার ও সোমবার সব প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।

বদলগাছী আবহাওয়া অফিস আজ রোববার সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে বলে জানা গেছে।