দশম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু আজ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ বেলা ২টায় উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ও টুর্নামেন্টের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে নতুন নামে শুরু করা দুর্দান্ত ঢাকা। সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স।
টুর্নামেন্টের দুই সফল দলের ম্যাচ দিয়েই পর্দা উঠছে দশম বিপিএলের। কুমিল্লা টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ও সর্বোচ্চ চারবারের শিরোপাজয়ী। তারা শিরোপা উৎসব করে ২০১৫, ২০১৯, ২০২২ ও ২০২৩ সালে। অন্যদিকে ঢাকা তিনবার শিরোপা জিতেছে। রাজধানীর এ দল শিরোপা জয় করে ২০১২, ২০১৩ ও ২০১৬ সালে। এর মধ্যে ২০১২ ও ২০১৩ সালে ঢাকা গ্ল্যাডিয়েটরস নামে ও ২০১৬ সালে ঢাকা ডায়নামাইটস নামে খেলেছে তারা।
এবারো শক্তিশালী দল গড়েছে কুমিল্লা। তাদের স্কোয়াডে দেশী ক্রিকেটার লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তাওহিদ হৃদয়, মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলী, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, ইমরুল কায়েস, মুশফিক হাসান, এনামুল হক এবং বিদেশী ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারাইন, মঈন আলী, আন্দ্রে রাসেল, ইফতিখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নূর আহমেদ, নাসিম শাহ, রশিদ খান, রাকিম কর্নওয়াল, ম্যাথু ওয়াল্টার ফোর্ড রয়েছেন।
কুমিল্লাকে তিনবার শিরোপা জেতানো অধিনায়ক ইমরুল কায়েসকে সরিয়ে এবার নেতৃত্ব দেয়া হয়েছে জাতীয় দলের তারকা ব্যাটার লিটন দাসের কাঁধে।
দুর্দান্ত ঢাকায় স্থানীয় খেলোয়াড়দের মধ্যে আছেন তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরীফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, সাইফ হাসান, ইফরান শুক্কুর, আলাউদ্দিন বাবু, মেহরব হোসেন, মোহাম্মদ নাঈম, সাব্বির হোসেন, জসিমউদ্দিন। আর বিদেশী কোটায় নেয়া হয়েছে সাদিরা সামারাবিক্রমা, চতুরঙ্গা ডি সিলভা, সাইম আইয়ুব, উসমান কাদির, লাসিথ ক্রসপুল্লে, দানুস্কা গুনাথিলাকাকে। দলটিকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত।
মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স গতবারের রানার্সআপ আর রাউন্ড রবিন লিগে পয়েন্ট টেবিলের এক নম্বর দল। অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ছিল টেবিলের একেবারে তলানিতে।
চট্টগ্রামকে এবার নেতৃত্ব দেবেন শুভাগত হোম। এছাড়া দেশী খেলোয়াড় হিসেবে দলটিতে আছেন জিয়াউর রহমান, তানজিদ হাসান তামিম, আল আমিন হোসেন প্রমুখ। বিদেশীদের কোটায় আছেন কুশল মেন্ডিস, আভিস্কা ফার্নান্ডো, মোহাম্মদ হারিস, নজিবউল্লাহ জাদরান, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ হাসনাইন, কার্টিস ক্যাম্ফার প্রমুখ।
সিলেটকে এবারো নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মর্তুজা। জাকির হাসান, তানজিম হাসান সাকিব, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান, আরিফুল হক, ইয়াসির আলী, নাজমুল ইসলাম, শফিকুল ইসলাম, নাঈম ইসলাম, জাওয়াদ রোয়েন আছেন দেশী কোটায়। বিদেশীদের মধ্যে রায়ান বার্ল, বেন কাটিং, হ্যারি টেক্টর, রিচার্ড এনগারাভা, দুশান হেমন্ত, বেনি হাওয়েল প্রমুখ।










