সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন তিন বাহিনীর প্রধানরা। গতকাল রাত সাড়ে ৮টার পর হাসপাতালে যান সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রধান। তারা বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার খোঁজখবর নেন। রাত ৯টার পর সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান হাসপাতাল থেকে বের হন। এর কিছুক্ষণ পর বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান হাসপাতালে যান। রাত সাড়ে ৯টার দিকেও নৌ ও বিমান বাহিনীর প্রধানরা হাসপাতালে অবস্থান করছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বার্তায়ও তিন বাহিনী প্রধানদের রাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা জানানো হয়েছে।
এছাড়া রাত সাড়ে ১০টার দিকে খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বিএনপির চেয়ারপারসনের চিকিৎসার খোঁজখবর নেন।
পরে হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি ধৈর্য ধরছিলাম, বাইরে থেকে দোয়া করছিলাম। হাসপাতালে এসে ডিস্টার্ব করতে চাইনি। বিএনপির পক্ষ থেকেও সেই ধরনের আহ্বান জানানো হয়েছিল। কিন্তু আজকে আর কোনোভাবে মনকে বোঝাতে পারিনি। এ জন্য এসেছি। আমি ওনাকে দেখে এসেছি।’
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘খালেদা জিয়াকে মেডিকেল বোর্ড যে চিকিৎসা দিচ্ছে, সেটি তিনি গ্রহণ করতে পারছেন।’ গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডা. জাহিদ বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিক খোঁজ রাখছেন। আমাদের মাধ্যমে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।’
হাসপাতাল কর্তৃপক্ষ, অন্তর্বর্তী সরকার ও বন্ধুপ্রতিম দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য এ সময় তিনি দোয়া কামনা করেন। তিনি বলেন, ‘দেশবাসীর দোয়া, সারা পৃথিবীর অনেক মানুষের উনার প্রতি ভালোবাসা ও দোয়ার কারণে হয়তো উনি এ যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি।’
তিনি দল ও পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ সংযম ধারণ এবং সবাইকে কোনো ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকা ও গুজবে কান না দেয়ার অনুরোধ জানান।
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেয়া হবে কিনা জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে দেখেছেন। যুক্তরাজ্য থেকে উনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন। দেখার পর যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে, মেডিকেল বোর্ড মনে করে তখন যথাযথ সময়ে উনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।’
তিনি বলেন, ‘আমাদের সব প্রস্তুতি আছে। মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা ও মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এ মুহূর্তে আমাদের নেই।’
এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে চাইলে সরকার প্রয়োজনীয় সহায়তা করবে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দল বা পরিবার সিদ্ধান্ত নিলে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার।’ তিনি বলেন, ‘খালেদা জিয়ার বিদেশে চিকিৎসাসংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত তার পরিবার বা দলের ওপর নির্ভর করছে।’
এদিকে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডকে অধিকতর সহযোগিতার জন্য আসছে আরো দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। আজ বুধবার সকালে যুক্তরাজ্য থেকে একটি এবং সন্ধ্যায় চীন থেকে আরেকটি চিকিৎসক দল ঢাকায় এসে পৌঁছবে। গতকাল রাতে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে এ তথ্য জানান বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
চেয়ারপারসনের পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ঘিরে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। গতকাল সকালে হাসপাতালের প্রধান ফটকে ব্যারিকেড বসায় পুলিশ। দুপুরে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের গাড়ি ঢুকতে দেখা যায় হাসপাতালের ফটকে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘এসএসএফ সদস্যরা হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। তারা আমাদের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে কথা বলেছেন।’
এদিন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এর মধ্য দিয়ে সাবেক এ প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব এসএসএফকে দেয়ার ব্যবস্থা হয়।
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।’
তিনি বলেন, ‘সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়।’










