হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীর থেকে ১ কেজি ২৯০ গ্রাম ওজনের তিনটি ডিম্বাকৃতি স্বর্ণের পেস্ট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। কাস্টমসের দাবি, এসব স্বর্ণ বিশেষভাবে লুকিয়ে আনা হয়েছিল। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।
কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৬টার দিকে শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি৯-৫১৮ ফ্লাইটে ঢাকায় আসেন আরমান উদ্দিন সিদ্দিকী। ইমিগ্রেশন শেষে তিনি ব্যাগেজ বেল্ট-২ এলাকায় গেলে গোপন সংবাদের ভিত্তিতে নজরদারিতে থাকা প্রিভেন্টিভ টিমের সদস্যরা তাকে সন্দেহজনক হিসেবে তল্লাশি করেন।
এ সময় তার শরীরে সাদা কসটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্টের মতো স্বর্ণ পাওয়া যায়। প্রতিটির ওজন ৪৩০ গ্রাম করে, মোট ওজন ১ হাজার ২৯০ গ্রাম। কাস্টমসের তথ্যমতে, এগুলোর বিশুদ্ধতা ২৪ ক্যারেট। স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, পেস্টগুলো পরিশোধন করলে আনুমানিক ১ কেজি স্বর্ণ পাওয়া যেতে পারে।
এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলার কার্যক্রম চলছে।










