আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১১৩তম সম্মেলনের অংশ হিসেবে এশিয়া-প্যাসিফিক গ্রুপভুক্ত (এএসপিএজি) দেশগুলোর শ্রমমন্ত্রীদের সঙ্গে সভায় অংশ নিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বুধবার (১১ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় এ সভা হয়।

এতে টেকসই উন্নয়ন, শ্রমিক অধিকার, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সভার শুরুতে উপদেষ্টা আইএলও এবং এএসপিএজির সমন্বয়কারী দেশ জাপানকে ধন্যবাদ জানান।

শ্রম উপদেষ্টা বলেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চল বৈশ্বিক শ্রমবাজারের ৬০ শতাংশ ও বৈশ্বিক জিডিপির ৪০ শতাংশ অবদান রাখে। তবে এই অঞ্চল এখনো অনানুষ্ঠানিক খাত, সামাজিক সুরক্ষার সীমাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আছে। এসব সমস্যা মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ দরকার।

বাংলাদেশের অগ্রগতির বিষয় তুলে ধরে উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম আইন ২০০৬ সংশোধন, ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও শ্রমিকদের কর্মপরিবেশ উন্নয়নে কাজ করছে। একইসঙ্গে যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

সভায় এএসপিএজির নতুন সমন্বয়কারী হিসেবে বাংলাদেশের দায়িত্ব গ্রহণের বিষয়টিও জানানো হয়। উপদেষ্টা এক্ষেত্রে সব দেশের সহযোগিতা কামনা করে বলেন, আমরা একটি ন্যায্য, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক শ্রমবাজার গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট এফ. হুঙবো, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১৪টি দেশের প্রতিনিধি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, বেপজার চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানসহ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (শিল্প পুলিশ) গাজী জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।