দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ডিসেম্বর মাসে। সদ্য শেষ হওয়া এ মাসে দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছে ৩ দশমিক ২২ বিলিয়ন বা ৩২২ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
একক মাস হিসেবে এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের মার্চ মাসে। পবিত্র ঈদুল ফিতরের ওই মাসে রেকর্ড ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠান প্রবাসীরা। সবমিলিয়ে ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন (৩ হাজার ৩২ কোটি) ডলার রেমিট্যান্স এসেছিল। এক বছরের হিসেবে দেশের ইতিহাসে প্রবাসীরা এত রেমিট্যান্স এর আগে আর কখনো পাঠাননি।
গত অর্থবছরের আগে দেশে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে। ওই বছরে প্রবাসীরা ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে পাঠান। এর আগে ২০১৯-২০ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮ দশমিক ২০ বিলিয়ন ডলার। আর ২০২১-২২ অর্থবছরে ২১ দশমিক শূন্য ৩ বিলিয়ন ও ২০২২-২৩ অর্থবছরে ২১ দশমিক ৬১ বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে আসে। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ কিছুটা বেড়ে ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলারে উন্নীত হয়।










