গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় ছয় জেলায় আরো ছয়জনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-

গাজীপুর: গতকাল সকালে কালিয়াকৈর উপজেলার শিলাবৃষ্টি ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাক যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার পাঁচ যাত্রী আহত হন। হাসপাতালে নিলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতরা হলেন কালিয়াকৈর উপজেলার তালাবহ এলাকার ইয়াকুব আলীর ছেলে মফজেল (৬৫), একই এলাকার আব্বাস আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪০) ও বাউমান এলাকার মৃত হাসান আলীর ছেলে শওকত আলী (৪২)। তারা সবাই স্থানীয় ইটভাটার শ্রমিক ছিলেন।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, হতাহতদের মধ্যে একজন অটোরিকশা চালক ও অন্যরা স্থানীয় ইটভাটায় শ্রমিক। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন।

লালমনিরহাট: পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের উফারমারা ঘুণ্টিবাজারে পাথরবাহী লরিচাপায় মো. আমিনুর রহমান (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আমিনুর রহমান বুড়িমারী ইউনিয়নের করলাটারী এলাকার আব্দুর রহিমের ছেলে। পাটগ্রাম থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা: আলমডাঙ্গায় বালিবোঝাই ট্রাকচাপায় আনজিরা খাতুন (৪০) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ সময় তার স্বামী ভ্যানচালক হামিদুল ইসলাম ও ছেলে আশরাফুল (১০) আহত হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের বাসিন্দা। আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) একরামুল হোসাইন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আনজিরা খাতুন আলমডাঙ্গা পৌর এলাকায় বাসাবাড়িতে কাজ করেন। আর স্বামী ভ্যান চালান। গতকাল নিজ গ্রাম থেকে ভ্যানে করে আলমডাঙ্গায় আসছিলেন। পথে কালীদাসপুর আহসানউল্লাহ ঘাটের কাছে বালিবোঝাই একটি ট্রাক চাপা দিলে আনজিরা খাতুন ঘটনাস্থলে মারা যান।

ঢাকা: রাজধানীতে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় জেরিন তাসনিম (২৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন স্বামী ফখরুল আহসান। গতকাল সকালে সবুজবাগের মানিকদিয়া ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত ফখরুল আহসান জানান, তারা যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায় থাকেন। স্ত্রীকে নিয়ে সবুজবাগ মানিকদিয়া ক্লাবের মোড়ে এলে বালিতে মোটরসাইকেল পিছলে যায়। এ সময় তারা দুজনই পড়ে যান। পেছন দিক থেকে আসা একটি ট্রাক তার স্ত্রীকে চাপা দেয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। স্থানীয়রা ট্রাকটিকে চালকসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে।

গাইবান্ধা: পলাশবাড়ীতে ট্রাকচাপায় ময়নুল মিয়া (৫৯) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানে থাকা আরো চার যাত্রী। গতকাল বিকাল ৫টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক সড়কের গারানাটা সবরিতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ময়নুল মিয়া উপজেলার মহদীপুর ইউনিয়নের গড়েয়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।

রাজশাহী: পুঠিয়ায় ট্রলির ধাক্কায় কাবিল সোলাইমান (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের মধুখালী পূর্বপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। কাবিল সোলাইমান নাটোর সদর উপজেলার আগদীঘি হাটপাড়ার মৃত তমিজ উদ্দীনের ছেলে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়া: আদমদীঘি উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রলির পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আসমা বিবি (৫৬) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শিবপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসমা বিবি বগুড়ার গাবতলী উপজেলার কাকইল গ্রামের টুকু মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, আসমা বিবি ও তার ছেলে রাজু আহম্মেদ নওগাঁর রানীনগর থেকে অটোরিকশায় বগুড়ায় যাচ্ছিলেন। শিবপুর এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রলির পেছনে ধাক্কা লেগে অটোরিকশা চালকসহ মা-ছেলে আহত হন। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আসমা বিবিকে মৃত ঘোষণা করেন।