ইনিংসের শেষ ওভারে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বল তুলে দেন ফাহিমা খাতুনের হাতে। এক ওভারেই তিনি দেন ২৯ রান! ৪টি ছয় আর ১টি চারে ২৮ রান নিয়েছেন নয় নম্বরে নামা অ্যালানা কিং। ওই এক ওভারেই হয়তো ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায়। অজি নারীরা ৭ উইকেটে ১৪৬ রান থেকে শেষ পর্যন্ত ২১৩ রানের পুঁজি পায়। ২১৪ রানের টার্গেট তাড়া করতে নেমে স্বাগতিক বাংলাদেশ ৩৬ ওভারে মাত্র ৯৫ রানে অলআউট হয়ে ১১৮ রানের বড় ব্যবধানে হেরেছে। 

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গতকাল প্রথম ওয়ানডে ম্যাচে স্বাগতিক বাংলাদেশের ব্যাটাররা অজি বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন। অ্যাশলে গার্ডনার ২২ রানে তিনটি ও কিম গার্থ ২৬ রানে দুটি উইকেট নেন। বিস্ময়কর বোলিং করেছেন ব্যাটে ঝড় তোলা অ্যালানা কিং। তিনি ১০ ওভারে মাত্র ১২ রান দিয়ে তুলে নেন একটি উইকেট। ৬ ওভারে ৫ রান নিয়ে এক উইকেট নেন মেগান শুট। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা অ্যালানা কিং।  

৫০ রানের আগেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল অস্ট্রেলিয়া। একটি পর্যায়ে তারা ১৪৬ রানে সপ্তম উইকেট হারায়। তখন সাদারল্যান্ড (৭৬ বলে ৫৮) ও অ্যালানা (৩১ বলে ৪৬) অবিশ্বাস্য ব্যাটিংয়ে চিত্রটাই পাল্টে দিলেন। ৫৬ বলে ৬৭ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়েন তারা।