নৌপরিবহন উপদেষ্টা বলেন, ভোলাগঞ্জ স্থলবন্দর চালুর মাধ্যমে সীমান্তবর্তী অঞ্চলের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হবে। এ বন্দর সিলেট অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করবে এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
এ সময় উপদেষ্টা বলেন, ভোলাগঞ্জ স্থলবন্দর শুধু বাণিজ্যিক কার্যক্রম নয়, বরং পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, ভোলাগঞ্জ স্থলবন্দর চালুর মাধ্যমে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নত হবে, ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে এবং জাতীয় অর্থনীতিতে একটি ইতিবাচক ও টেকসই পরিবর্তন সূচিত হবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী বলেন, ভোলাগঞ্জ স্থলবন্দরকে একটি আধুনিক ও ব্যবসাবান্ধব বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে প্রয়োজনীয় অবকাঠামো, জনবল এবং প্রযুক্তিগত সুবিধা পর্যায়ক্রমে নিশ্চিত করা হবে। এ স্থলবন্দর আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থলের কাজ করবে।
অনুষ্ঠানে সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ভোলাগঞ্জ স্থলবন্দর চালুর ফলে স্থানীয় অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা এবং সীমান্ত এলাকার সার্বিক উন্নয়নে যে ইতিবাচক প্রভাব পড়বে, সে বিষয়ে আলোচনা করেন।
উদ্বোধন শেষে নৌপরিবহন উপদেষ্টা ভোলাগঞ্জ স্থলবন্দরের বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










