অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান উপস্থিত ছিলেন। ড. ইউনূসের সঙ্গে উপস্থিত ছিলেন তার মেয়ে দিনা ইউনূস। এ সময় দুই পরিবারের সদস্যরা ১ ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন। সাক্ষাৎকালে উভয় পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের একজন সদস্য বণিক বার্তাকে জানান, সাক্ষাৎপর্ব ও বৈঠকটি ছিল একেবারেই পারিবারিক পরিমণ্ডলে। সেখানে দুই পরিবারের বাইরে অন্য কেউ উপস্থিত ছিলেন না।
এ সাক্ষাতের বিষয়ে রাত সাড়ে ৯টার দিকে তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেয়া হয়। তাতে বলা হয়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান। তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন। ড. মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূসের সঙ্গে তারা ১ ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তিনি। বাসভবনে ৬টা ৪৭ মিনিটে প্রবেশ করে ৬টা ৫২ মিনিটে সেখান থেকে বেরিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ বাসে করে যমুনার উদ্দেশে রওনা হন তারেক রহমান।’
এর আগে গত বছরের ১৩ জুন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডন সফরকালে তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছিলেন। তখন তারেক রহমান ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। লন্ডনের ডরচেস্টার হোটেলে দুজনের সেই বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধি যৌথ বিবৃতি দিয়েছিলেন। সেই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন।
যুক্তরাজ্যে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তিনি দেশে ফেরার মাত্র পাঁচদিন পর গত ৩০ ডিসেম্বর তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা যান। ৯ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান হন তারেক রহমান। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে দলের সর্বোচ্চ পদে দায়িত্ব দেয়া হয়। বিএনপি চেয়ারম্যান হিসেবে গতকালই ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রথম সাক্ষাৎ হলো।










